প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা ব্যাক্ত করেছেন যে এই সরকারের মেয়াদকালেই বাংলাদেশের জি.ডি.পি ১০ শতাংশের ঘরে পৌছাবে।
প্রধানমন্ত্রী রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রপ্তানি ট্রফি ২০১৬-১৭ বিতরণ অনুষ্ঠানে বলেন যে ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি দুই অংকের ঘরে নিয়ে যেতে সক্ষম হবো ।
অনুষ্ঠানে ২০১৬-২০১৭ অর্থবছরে রপ্তানিতে অবদানের জন্য বিভিন্ন ব্যবসায়ীকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “প্রবৃদ্ধি বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। প্রবৃদ্ধির যখন উচ্চহার হয় আর মূল্যস্ফীতি তার থেকে কম থাকে তখন অর্থনীতির সুফলটা তৃণমূল বা সাধারণ মানষের কাছে পৌঁছায়।”
গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক এক শতাংশ; চলতি অর্থবছরে যে লক্ষ্য ধরা হয়েছে ৮ দশমিক দুই শতাংশ।
দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র্যের হার ২০২৩-২৪-এর মধ্যে বর্তমানের ২১ শতাংশ থেকে ১৬/১৭ শতাংশে নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
ব্যাংক ঋণের সুদের হার এক অংকের ঘরে নামিয়ে আনার উদ্যোগের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, “সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি, যাতে করে বিনিয়োগটা সহজ হয়।”
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত ছিলেন।