বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে দলটির দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এতে কোন নেতাকর্মী আহত হয়নি।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে প্রায় একশো নেতাকর্মী এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। যদিও তিন মিনিট পর পরিস্থিতি শান্ত হয়ে যায়।
সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালির পূর্বে ও র্যালির ভিতরে এসব ঘটনা ঘটতে দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের সামনে মুগদা থানা বিএনপির নেতাকর্মীদের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় এক পক্ষ আরেক পক্ষকে কিল-ঘুষি ও লাথি মারতে দেখা গেছে। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
র্যালির উদ্বোধনী বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যদি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি করতে চাই এবং তারেক রহমানকে দেশে ফিরে আনতে চাই তাহলে আমাদের ত্যাগ স্বীকার করে রাজপথে এসে স্বোচ্চার হয়ে এই স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। সবাই রাজি আছেন? আমরা সেই আন্দোলনের মধ্যে দিয়ে অবশ্যই বেগম জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করবো। তাই আসুন, আজকে সুশৃঙ্খলার মধ্যে দিয়ে র্যালি করে প্রমাণ করি, বিএনপির সুশৃঙ্খল দল। আর বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনবে।
বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। শেষ হয় শান্তিনগর মোড় হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। র্যালির জন্য দুটি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়।