বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রি করা ৪৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম সাইফুল ইসলাম সোমবার বিকালে সদর উপজেলার কৈচড় বাজার থেকে চালগুলো জব্দ করেন। এ সময় ক্রেতা পালিয়ে গেলে তাকে সহযোগিতার অভিযোগে এক কলেজ ছাত্রকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম তাকে ২০০ টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছেন।
খাদ্য বিভাগ ও পুলিশ জানায়, সোমবার জেলার ১২ উপজেলার ১০৮ ইউনিয়নে এক লাখ ৫৩ হাজার ৫৫ জন কার্ডধারীকে ১০ টাকা কেজি দরে সেপ্টেম্বর মাসের ৩০কেজি করে চাল দেয়া হয়। বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নে কেনা চাল অনেক হতদরিদ্র বেশি দামে বিক্রি করে দেন। বিকালে কৈচড় বাজারে চাল বিক্রির খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেখানে অভিযান চালান। ক্রেতা পালিয়ে গেলে সেখান থেকে ৪৭ বস্তা চাল জব্দ করা হয়। ওই ক্রেতাকে সহযোগিতার অভিযোগে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের চতুর্থ বর্ষের এক ছাত্রকে আটক করা হয়।
খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা চালগুলো নিলামে বিক্রির জন্য সদর খাদ্য কর্মকর্তা মনিরুল হককে দায়িত্ব দেয়া হয়েছে।