বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ ইসলামী ব্যাংক ঢাকার সাভার শাখার নিরাপত্তা কর্মী মো. পাপ্পুর (২০) লাশ উদ্ধার করেছে। বুধবার দুপুরে উপজেলার মাদলা সেতুর কাছে দ্বিতীয় বাইপাস মহাসড়কের পাশে লাশটি পড়েছিল। তিনি কোন গাড়িতে ঢাকা থেকে জয়পুরহাটের বাড়ি ফিরছিলেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ বলতে পারছেনা। পুলিশ কর্মকর্তাদের ধারনা, ওইব্যক্তি গাড়িতে মারা যান। শ্রমিকরা ঝামেলা এড়াতে লাশ ফেলে দেয়।
শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ও স্বজনরা জানান, পাপ্পু জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ খাস পাওন্দা গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি তিন মাস আগে নিরাপত্তা কর্মী হিসেবে ইসলামী ব্যাংক ঢাকার সভার শাখায় যোগদান করেন। পাপ্পু গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি কোন গাড়িতে সাভার থেকে জয়পুরহাটের দিকে রওনা হন। বুধবার সকালে স্থানীয় জনগণ বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাশ মহাসড়কের পাশে মাদলা সেতুর কাছে তার লাশ পড়ে থাকতে দেখেন। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ কর্মকর্তা আরো জানান, পাপ্পুর শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলনা। গাড়ি থেকে পড়ে গেলে জখম থাকতো। তার ধারনা, অসুস্থতা বা অন্য কোন কারণে পাপ্পু গাড়িতে মারা যান। গাড়ির চালক ও হেলপার ঝামেলা এড়াতে মহাসড়কের পাশে লাশটি ফেলে যায়। এ ব্যাপারে তদন্ত চলছে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।