সরকারের সাম্প্রতিক অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান ও অভিযানে প্রশ্ন উঠেছে আদৌ দেশে ক্যাসিনোর ব্যবসা থাকবে কি না?
এই বিষয়টি সামনে রেখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন সরকার এখনো ক্যাসিনো রাখা না রাখার ব্যপারে কোন সিদ্ধান্ত নেয়নি।
মঙ্গলবার সকালে সচিবালয়ে তার অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সেতুমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ‘ক্যাসিনো বিষয়ে এখন টার্বুলেন্স চলছে। এ সময়ে এটা নীতিমালার মধ্যে এনে চালু করা হবে, নাকি একেবারেই আইডিয়াটা বাদ দেয়া হবে -এ নিয়ে সরকারের উচ্চপর্যায়ে কোনো আলাপ-আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। কাজেই এ বিষয়ে এ মুহূর্তে মন্তব্য করতে চাই না।’
১৮ সেপ্টেম্বর র্যাব রাজধানীর তিনটি স্পোর্টস ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ ক্যাসিনোর সন্ধান পায় ও বিপুল পরিমাণ মাদক, টাকা, ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করে এবং ১৮২ জনকে আটক করে। ক্ষমতাসিন দলের অংংগ সংগঠন যুবলীগ নেতা ও ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবে অবৈধ ক্যাসিনোর মালিক খালেদকে ঐ দিনই অস্ত্রসহ আটক করে। অভিযান এখনো চলমান।
নেতাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার কথা শোনা যাচ্ছে -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কাদের বলেন, ‘বাইরে যাওয়ার বিষয়ে কতজনের বিরুদ্ধে নির্দেশনা রয়েছে আমি জানি না। সার্ভেল্যান্সে (নজরদারি) আছে অনেকে, সেটা আমি জানি। সংখ্যাটা আমি ঠিক জানি না।’
আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের লোকজন নজরদারিতে আছে কি-না? -জানতে চাইলে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘সব তো আওয়ামী লীগের লোকজনই। আগে কোন দল ছিল এটা বলে তো লাভ নেই। আমি আমার দলে নিলাম কেন? এখন সে আমার দলের পরিচয়ই ব্যবহার করছে। কাজেই আমি ঘর থেকেই অভিযান শুরু করেছি।’