বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বুধবার বলেন যে আমদানিকৃত পিঁয়াজ ইতিমধ্যে দেশের বাজারে ঢুকতে শুরু করেছে এবং আশা প্রকাশ করেন যে ‘আজ-কালের’ মধ্যে অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়া দেশের পিঁয়াজের বাজারে এর প্রভাব পড়বে।
বাণিজ্যমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের জানান যে বাইরে থেকে আমদানি করা পিঁয়াজ বাজারে ঢুকতে শুরু করেছে। তিনি আশা ব্যক্ত করেন যে আজ কালের মধ্যে এর প্রভাব বাজারে পড়বে।
টিপু মুন্সী বলেন খুব বেশীও যদি তারা (ব্যবসায়ীরা) লাভ করে ৬০ টাকার উপরে (প্রতি কেজি পিঁয়াজের মুল্য) যাওয়ার কোন কারন নাই।
বাণিজ্যমন্ত্রী বলেন সরকারের হিসাব মতে ৫০ টাকা বা ৫৫ টাকায় বিক্রি করতে পারে।
প্রায় দুই সপ্তাহ যাবৎ ভারত পিঁয়াজের মূল্য বৃদ্ধি এবং পরে রপ্তানি বন্ধ করে দেওয়ায় দেশের বাজারে পর্যাপ্ত পরিমাণ মজুত থাকা সত্ত্বেও পিঁয়াজের মুল্য দ্রুত গতিতে বাড়তে থাকে ফলে কয়েকদিনের মধ্যে প্রতি কেজি ৩০ টাকা থেকে ১২০-১৩০ টাকায় পৌঁছায়।
সরকারের টিসিবির মাধ্যমে কেজি প্রতি ৪৫ টাকায় পিঁয়াজ বিক্রি সহ বিভিন্ন বাজার নিয়ন্ত্রন পদক্ষেপ নেওয়ার ফলে বুধবার পিঁয়াজের মুল্য কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা যায়।