বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ পদ্মায় পানি বাড়ায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উভয় ঘাটে তৈরী হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। উভয়পাড়ে পারের অপেক্ষায় রয়েছে হাজারেরও বেশী যানবাহন।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার তানভির হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে পদ্মায় পানি বাড়ছে। প্রবল স্রোতের কারণে সবগুলো ফেরি চলতে পারছে না। এই নৌরুটের ১৬টি ফেরির মধ্যে মাত্র ৮ থেকে ১০টি ফেরি দিয়ে কোনমতে যানবাহন পারাপার করাতে হচ্ছে। পাটুরিয়ায় শতাধিক যাত্রীবাহী বাস, অর্ধ শত ছোটগাড়ি ও পাঁচ শতাধিক পন্যবোঝাই ট্রাক মিলে প্রায় সাতশ যানবাহন পারের অপেক্ষায় আটকে রয়েছে। যাত্রীদূর্ভোগ কমানোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করায় পন্যবোঝাই ট্রাকের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে তিনি জানান। বিকেল ৫টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে নদী পার হতে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পন্যবোঝাই ট্রাক মিলে সাত শতাধিক যানবাহন আটকে রয়েছে জানান ট্রাফিক কর্মকর্তারা।