বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধিতে উপজেলার হাটশেরপুর, নারচী, সারিয়াকান্দি সদর, হাটফুলবাড়ী, ভেলাবাড়ী, কতুবপুর ইউনিয়ন ও পৌর এলাকার নদী তীরবর্তী নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, সারিয়াকান্দিতে যমুনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে আসা ঢলের পানিতে সারিয়াকান্দিতে যমুনার নদীর পূর্বাঞ্চল সব সময় প্লাবিত হয়ে থাকে। ওই অঞ্চলের নিম্নাঞ্চলের ফসলে কিছু ক্ষতি হয়ে থাকে। তবে এই পানি দ্রুত নেমে যাবে। সারিয়াকান্দি উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। উপজেলার চরাঞ্চলের অনেক কৃষক এখন শীতকালীন সবজি চাষ করেছেন। নদীর পানিতে সেগুলোর কিছু ক্ষতি হয়েছে। বাঙালি
নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী এলাকার রোপা আমন, মাসকলাই, শাকসবজি পানিতে তলিয়ে যাচ্ছে। ইতিমধ্যে নিচু এলাকার ৯০ হেক্টর জমির রোপা আমন ও ১৫ হেক্টর মাসকালাইয়ের জমিতে পানি ঢুকেছে।