বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় টোল প্লাজা এলাকায় পাওয়া সেই শিশু ছেলেকে সরকারি শিশু পরিবারে হস্তান্তর করেছে পুলিশ। ২ দিনেও ওই শিশুটির পরিচয় না পাওয়ায় রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজ সেবা অফিসার সোহেল রানার মাধ্যমে তাকে ওই শিশু পরিবারে হস্তান্তর করা হয়েছে এবং এখনও তার কান্না থামেনি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যারাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় টোল প্লাজা এলাকায় ৬/৭ বছরের ওই শিশু ছেলেকে কান্নারত অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটি অস্পষ্টভাবে কথা বলায় ২ দিন থানা পুলিশের জিম্মায় রাখার পরেও তার ঠিকানা মিলানো সম্ভব হয়নি। অবশেষে রোববার আনুষ্ঠানকভাবে তাকে ওই সংস্থার কাছে হস্তান্তর করা হয় বলে তিনি উল্লেখ করেন।