বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ হারানো শিশু আলিমকে (১০) তার দাদি ও চাচার হাতে তুলে দিয়েছে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ। সে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রূপসা গ্রামের আব্দুর রহিমের ছেলে। সোমবার সন্ধ্যায় শিশুটির দাদি রওশনারা বেগম ও চাচা বাবলু মন্ডলের হাতে আনুষ্ঠানিকভাবে আলিমকে তুলে দেয়া হয়। এসময় সদর থানার ওসি মোহাম্মদ দাউদসহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৫ অক্টোবর সকালে গ্রামের বাড়ি থেকে আলিম হারিয়ে যায় বলে দাদি জানান। সদর থানার শিশু বিষয়ক কর্মকর্তা এসআই রেজাউল ইসলাম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ অক্টোবর সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় শিশু আলিমকে কান্নারত অবস্থায় হাঁটতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা শিশুটিকে তার বাবা-মার নাম ও ঠিকানা জিজ্ঞেস করলে সে বলতে পারেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলিমকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। শিশু আলিমের ছবিসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ ও ফেসবুকে পোস্ট দেয়া হয়। সেই সূত্র ধরে তার পরিবারের লোকজন যোগাযোগ করে।