বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটিতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী, মুজিববর্ষ উদযাপন প্রস্তুতি সভা, রাঙ্গামাটি শাখা কমিটির সদস্যগনের শপথ বাক্যপাঠ ও গ্রামীণ নারী দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সংগঠনের রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি হাজী সুলতান কমরুউদ্দিনের সভাপতিত্বে রাঙ্গামাটি জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কমিটির প্রধান উপদেষ্টা , প্রবীণ সাংবাদিক ও কলামিষ্ট একে এম মকছুদ আহমেদ।
এতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধুর শতবছর মুজিববর্ষ উদযাপন কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ৭ই মার্চ স্বাধীনতার ঘোষনা মুক্তিযুদ্ধের সূচনা পরিষদ, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সহকারী সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক মো: কামরুজ্জামান জনি, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, চট্টগ্রামের কেন্দ্রীয় পরিচালক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এম, কে মোমিন, রাঙ্গামাটি জেলা বঙ্গবন্ধুর শতবছরমুজিববর্ষ উযাপন কমিটির আহ্বায়ক মো: নাসির উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীকে ঘিরে মুজিববর্ষ পালনের উদ্যোগ বাঙালির জীবনধারার জন্য একটি অনন্য ঘটনা। এই মুজিববর্ষ পালনের মধ্যদিয়ে আমরা অস্তিত্বের শিকড়কে অনুসন্ধান করবো এবং প্রজন্ম পরস্পরায় এই অনুসন্ধানের সুফল বার্তা ছড়িয়ে দিতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে মানবাধিকার কর্মীদের শপথ পাঠ, মুজিববর্ষ উদযাপন কমিটি ঘোষণা ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয় এবং সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে সফল করার লক্ষে একটি প্রস্তুতি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।