বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে শিশু ছাত্রী ধর্ষণ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় লাভলু (৪৮) নামে এক বাবুর্চিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও একইসাথে ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
দন্ডাদেশপ্রাপ্ত লাভলুর স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে নির্যাতনের শিকার শিশুকে ক্ষতিপূরণ আদায় করে দেয়ার জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত লাভলু সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লার বাসিন্দা।
মঙ্গলবার দুপুরের দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। ওই আদালতের এপিপি এ্যাডঃ আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার বিবরণে জানান, ২০১৮ সালের ১০ মে বিকেলে লাভলু একই গ্রামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে এ কথা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায় ওই শিশু ছাত্রীকে। এর ৭/৮দিন পর লাভলুর বাড়ির সামনে শিশুটি ফল কুড়াতে গেলে একইভাবে আবারও ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখানো হয়। প্রায় ৩ মাস পর শিশুটি গর্ভধারণ করলে বিষয়টি টের পায় তার স্বজনরা। এ ব্যাপারে তার মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ সংশ্লিষ্ট আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন।