বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এসএম জাহিদুল বারী (৫৫) সহ চারজনের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার সান্তাহার রথবাড়ির এক গৃহবধু দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করেন। ভারপ্রাপ্ত বিচারক একেএম ফজলুল
হক শুনানি শেষে এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দিতে বগুড়া পিবিআইকে নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন এর সত্যতা নিশ্চিত করেছেন।
অন্য আসামীরা হল সান্তাহার কলসা রথবাড়ির মৃত আহাদ আলীর ছেলে মো: মিল্টন (৪০), তার স্ত্রী কাজল বেগম ও ছেলে মো: আকাশ (১৮)। বাদী এজাহারে উল্লেখ করেছেন, আসামি কাজল বেগম তার ননদ এবং মিল্টন ননদের স্বামী। এরা দলীয় লোক হওয়ায় সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য এসএম জাহিদুল বারী তাদের বাড়িতে অবাধ যাতায়াত করে। তখন প্রধান আসামি জাহিদুল বারী তার (বাদি) ওপর কু-দৃষ্টি দেয়। এদিকে স্বামী শেখ হাফিজের সাথে জায়গা নিয়ে মিল্টন ও তার ছেলে আকাশের সাথে তার মনোমালিন্য হয়। তখন জাহিদুল বারী দলীয় প্রভাব খাটিয়ে শেখ হাফিজকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠিয়ে দেন। এরপর থেকে তিনি (জাহিদুল বারী) বাদীকে অশালীন আচরণ ও নানা প্রলোভন দেন। এ অবস্থায় বাদীর স্বামী হাফিজ জেল থেকে বের হয়ে বিষয়টি জানতে পেরে বারীকে সতর্ক করেন। এতে তিনি (জাহিদুল বারী) ক্ষিপ্ত হন এবং গত ১৮ অক্টোবর সকালে কেউ না থাকার সুযোগে বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। বাদীর স্বামী বাড়িতে এসে জানতে পেরে প্রতিবাদ করলে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেছে।
বাদীকে মামলায় সহযোগিতা করেছেন, বগুড়া বার সমিতির সদস্য জেসমিন আকতার বিথি। মামলা প্রসঙ্গে সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এসএম জাহিদুল বারী ও অন্যআসামিরা জানান, তাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।