বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় নানা প্রতিবন্ধকতা পেরিয়ে মঙ্গলবার শাজাহানপুর উপজেলার মাদলায় খান অ্যান্ড সন্সের নিষিদ্ধ, অবৈধ স্থায়ী চিমনীর ইটের ভাটা উচ্ছেদ করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা পরিশোধ করায় ভাটার মালিককে ছেড়ে দেয়া হয়েছে। হাইকোর্টে রিটের কারণে পরিবেশ অধিদপ্তর এমন আরো ২৫ ইটের ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। বগুড়ায় রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিচালক মো: আশরাফুজ্জামান পৌরসভার মধ্যে অবস্থিত খান অ্যান্ড সন্স নামে ইট ভাটার মালিক সাখাওয়াত হোসেন খানকে ভাটা সরিয়ে নিতে নির্দেশ দেন। কিন্তু সাখাওয়াত হোসেন খান পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের সচিবের কাছে আপিল করেন। সেখানে আপিল খারিজ হয়ে যায়। প্রায় ৬ মাস আইনী প্রক্রিয়া শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন দুপুরে পুলিশ, ফায়ার সার্ভিস নিয়ে মাদলায় খান অ্যান্ড সন্সের ইটভাটা উচ্ছেদ করেন।
রাজশাহী বিভাগীয় অধিদপ্তরের পরিচালক আশরাফুজ্জামান জানান, ভাটা শুরু করার আগে জেলা প্রশাসনের অনুমতি এবং পরিবেশ অধিদপ্তরর বৈধ ছাড়পত্র ছিলনা। পৌরসভার মধ্যে অবৈধভাবে নিষিদ্ধ স্থায়ী চিমনী ভাটা পরিবেশ অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরো জানান, পৌর এলাকার মধ্যে ২৫টি অবৈধ ইটের ভাটা আছে। ভাটা মালিকরা পরিবেশ অধিদপ্তরের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন। পরিবেশ অধিদপ্তর হাইকোর্টে আইনি মোকাবেলা করছে।