বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিএনপি আমলের নৃশংসতা কর্মকান্ডের কথা এখনও মানুষ ভোলেনি। তারা ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা হত্যা, ২১ আগষ্ট গ্রেনেড হামলা ও হত্যাকান্ডের মামলার কোন বিচার তো করেই নি বরং হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে ও পুরস্কৃত করেছে। তাদের মুখে বর্তমান সরকারকে দানব বলা শোভা পায় না। বর্তমান সরকারকে দানব সরকার উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তার প্রতিক্রিয়ায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেছেন।
নাসিম বুধবার বিকেলে ঢাকা থেকে সিরাজগঞ্জে আসার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় স্থাপিত জাতীয় নেতা শহীদ এম.মনসুর আলীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আন্দোলনে চরম ব্যর্থতার কারণেই তাদের নেত্রী খালেদা জিয়াকে আইন-আদালতে মুক্ত করতে না পেরে তাদের কর্মীদের উজ্জীবিত করতে তারা মাঠের আন্দোলনের কথা বলছে। পরে তিনি মুলিবাড়িতে নির্মাণাধীন শেখ হাসিনা ট্রমা হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ পান্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, জেলা স্বেচ্ছানেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ-আল- ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদসহ নেতৃবৃন্দ।