বাংলা হেডলাইনসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে আন্দোলনকারীদের প্রতি ইঙ্গিত করে বলেন দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হলে তাদের শাস্তি পেতে হবে।
শেখ হাসিনা বলেন ‘কথায় কথায় ভিসির বিরুদ্ধে আন্দোলন। আর ভিসিকে দুর্নীতিবাজ বলছে। আমার স্পষ্ট কথা যারা দুর্নীতির অভিযোগ আনছে তাদেরকে কিন্তু এই অভিযোগ প্রমাণ করতে হবে। যদি দুর্নীতি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে দুর্নীতি করলে যে শাস্তি যার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আনা হয়েছে তার যে শাস্তি হোতো যে অভিযোগকারী সে যদি ব্যর্থ হয় প্রমাণ করতে তাকে কিন্তু সেই শাস্তি পেতে হবে’।
প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন তাদেরকে (আন্দোলনকারীদের) সুনির্দিষ্ট তথ্য দিতে হবে। তারা যদি তথ্য দিতে পারে নিশ্চয় আমরা ব্যবস্থা নেব। এই দুর্নীতি দুর্নীতি বলে ক্লাসের সময় নষ্ট করবে, ক্লাশ চলতে দেবে না, ইউনিভার্সিটি চলতে দেবে না, তাদের আন্দোলনের নামে ভিসির বাড়িতে আক্রমণ, অফিসে আক্রমণ, ভাংচুর এটাও তো এক ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবিতে বেশ কিছু দিন যাবত আন্দোলন করছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশ দিলেও আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে চলে গেছে।