বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় পাঁচ শিক্ষককে অর্থদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের ভ্রাম্যমাণ আদালত কোচিং ও প্রাইভেট পড়ানোর অপরাধে এ দন্ড দেন। এর আগে শহরের সেউজগাড়ি ও কামারগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দু’জন শিক্ষক পালিয়ে যান।
দন্ডিতরা হলেন সেউজগাড়ি এলাকার অর্থনীতির শিক্ষক আলতাব হোসেন (৪৫), হিসাব বিজ্ঞানের শিক্ষক খোকন (২৩), কামারগাড়ি এলাকায় রিপন মিয়া (৩৪), ওয়াজেদ আলী শ্রাবণ (৩২) এবং রাজু আহমেদ (৩৪)। জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সকালে শহরের সেউজগাড়ি ও কামারগাড়ি এলাকায় অভিযান চালান। সেখানে প্রাইভেট পড়ানো ও কোচিং করানোর অপরাধে পুলিশের সহায়তায় ৫ শিক্ষককে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি আদেশ অমান্য করায় দন্ডবিধির ১৮৮ ধারায় শিক্ষকদের অর্থদন্ড দেয়া হয়েছে। পরে তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ জানান, ‘সরকারি আদেশ অমান্য করলে কাওকে ছাড় দেয়া হবে না।’ তিনি আরও বলেন, আগামী ১৫ নভেম্বর আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে।