বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়া গ্রামে বসতভিটা দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্কুলছাত্রীসহ কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এনায়েতপুর থানার ওসি মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উক্ত গ্রামের মৃত নূর মোহাম্মদের বসতভিটা দখল নিয়ে খাজের সরকার গংদের সাথে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। একপর্যায়ে খাজের সরকার ওই ভিটাটি দখল করে নেয়। এরই জের ধরে রোববার দুপুরে উভয় গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৯ জন আহত হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।