বাংলা হেডলাইনসঃ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে। পেশাগত অসদাচারণের অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হওয়ায় তুরিনকে অপসারণ করা হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পেশাগত অসদাচারণের অভিযোগ সুনির্দিষ্ট ভাবে প্রমাণিত হওয়ায় একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে। সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তিনি (তুরিন) অপরাধীর সঙ্গে যে কথা বলেছেন তার রেকর্ড আমাদের কাছে আছে। সেখানে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তার গলা (কণ্ঠস্বর) প্রমাণিত হওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে এ ব্যবস্থা।’
মন্ত্রী বলেন তুরিন আফরোজের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি একজন আসামির সাথে যে মামলা তিনি নিজে করছিলেন, তার সাথে আলাপ আলোচনা করতে গিয়েছিলেন। মামলার আলোচনা করার সময় এও বলেছিলেন এ মামলার কোনো সারবর্তা নেই।’ সূত্র… বাসস