বাংলা হেডলাইনসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রেলওয়ে সেক্টরে কর্মরত কর্মচারী কর্মকর্তাদের আরও সচেতন করা এবং রেল চালকদের আরও প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
শেখ হাসিনা আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় বলেন যে এটি (মন্দবাগ দুর্ঘটনা) অত্যান্ত একটি দুঃখজনক ঘটনা। বুলবুলের মত প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারলাম কিন্তু দুর্ভাগ্য যে এ ধরণের একটা ঘটনা ঘটে গেল।
প্রধানমন্ত্রী বলেন যারা বাংলাদেশ রেলওয়েতে কাজ করে তাদেরকে আরও সচেতন করা উচিৎ সেই সাথে সাথে যারা ট্রেনের চালক তাদেরও প্রশিক্ষণের প্রয়োজন।
সোমবার দিবাগত রাত ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ স্টেশন এলাকায় তূর্ণা-নিশিথা ও উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘটিত দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।
এই দুর্ঘটনায় ১৬ জন যাত্রী নিহত হয় এবং অর্ধশতাধিক আহত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তূর্ণা-নিশিথার চালক বাছেরউদ্দিনের রেলওয়ে সিগন্যাল অমান্য করায় সোমবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। বাছের উদ্দিনকে মঙ্গলবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়।