বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার দুপুরে তাড়াশ ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তাড়াশ খাদ্যগুদাম এলাকায় প্রায় ২০ কোটি টাকার সরকারি জায়গার উপর স্থানীয় প্রভাবশালীরা প্রায় ২৫ বছর ধরে অবৈধভাবে দখল করে আসছিল। তারা সেখানে পাকা, আধাপাকা ও টিনের বসতবাড়ি এবং দোকান পাট নির্মাণ করে ভোগ-দখল করছিল। এ উচ্ছেদ অভিযানে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিল্টন হোসেন, শাখা কর্মকর্তা আব্দুল ওয়াহাব প্রমূখ উপস্থিত ছিলেন।