বাংলা হেডলাইনসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতীয় সংসদে বলেন সাম্প্রতিক রেল দুর্ঘটনার পিছনে অন্যকোনরকম দুরভিসন্ধি আছে কিনা তা তদন্ত করা হবে।
‘ এই দুর্ঘটনার পিছনে অন্য কোনরকম দুরভিসন্ধি আছে কিনা তারপর চক্রান্ত আছে কিনা সেগুলো তদন্ত করে দেখা হবে। তদন্ত করে তার যথাযথ ব্যবস্থা আমরা নেব,’ সংসদ নেতা শেখ হাসিনা রাতে সংসদ অধিবেশনে এই কথা বলেন।
একাদশ সংসদের ৫ম অধিবেশনের সমাপনী বক্তব্য তিনি বলেন আমরা দেখি একটা ঘটনা (ট্রেন দুর্ঘটনা) ঘটার সাথে সাথে পর পর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে এবং সেটাই বা কেন ঘটে ? এটাও আমাদের একটু ভেবে দেখতে হবে’।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে রংপুর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার কথা এবং মঙ্গলবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ স্টেশনের কাছে যাত্রীবাহী ট্রেন তূর্ণা-নিশিথা ও উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ করেন।
উল্লাপাড়া দুর্ঘটনায় ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত, ৩টি বগিতে আগুন এবং চালক্ সহ ৩৫ জন আহত হয়। মন্দবাগ ট্রেন দুর্ঘটনায় ১৬ জন যাত্রী নিহত হয় এবং অর্ধশতাধিক আহত হয়।