বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশী পরিচয়ে পাসপোর্ট করতে এসে ধরা খাওয়া রোহিঙ্গা নারীসহ চার জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এদের মধ্যে আটক তিনজনকে বৃহস্পতিবার কোর্টে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। তবে আদালতে এই বিষয়ে বৃহস্পতিবার শুনানি হয়নি। আগামী রোববার শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলায় অভিযুক্তরা হচ্ছে রোহিঙ্গা নারী আসমা, তার কথিত স্বামী জেলা মুক্তিযোদ্ধালীগের সভাপতি রেজাউল করিম, আইনজীবী মোঃ মনোয়ার হোসেন এবং সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান মতি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রকিবুজ্জামান, বুধবার রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে এদের বিরুদ্ধে মামলা করেছেন মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপারেন্টেন্ড মোঃ মনিরুজ্জামান। এর আগে বুধবার মতিউর রহমান ছাড়া বাকি তিনজনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি আরো বলেন তদন্তে যদি আরও কারও সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকেও আসামি করা হবে।
উল্লেখ্য, গত বুধাবর বাংলাদেশী পরিচয়ে জান্নাত আক্তার মানিকগঞ্জ পাসপোর্ট করতে আসলে অসলগ্ন কথা বার্তায় সন্দেহ হয় মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাকসুদুর রহমানের। তিনি শরণার্থী নিবন্ধিত সার্ভারে অনুসন্ধান করে জানতে পারেন জান্নাত আক্তার আসলে রোহিঙ্গা নারী। তার আসল নাম আসমা। পরে পুলিশকে খবর দেয়ার পর আটক করা হয় আসমা, তার কথিত স্বামী রেজাউল করিম, তাদের আইনজীবী মোঃ মনোয়ার হোসেনকে। আর জন্ম নিবন্ধণ সার্টিফিকেট দেয়ার অভিযোগে অভিযুক্ত করা হয় চেয়ারম্যান মতিউর রহমানকে। তবে তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি।