বাংলা হেডলাইনসঃ রাজধানীর
টিকাটুলির ‘রাজধানী সুপার মার্কেট’র আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে ওই
মার্কেটের বেশ কিছু দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ
জানা যায়নি।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক
বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৩৫
মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন,
রাজধানী সুপার মার্কেটে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ এবং পানির ব্যবস্থা ছিল না। আমরা
গাড়িতে করে পানির ব্যবস্থা করেছি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে
আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ১০ থেকে ১৫টি দোকান পুড়ে গেছে। আমরা সব
পরিষ্কার করে ভেতরে ঢুকবো। তারপর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
দেবাশীষ বর্ধন বলেন, মার্কেটের দোতলা থেকে আগুন লাগে। অগ্নিকান্ডের ঘটনায় একটি
তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পরই আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ জানা যাবে।
সরজমিনে দেখা যায়, রাজধানী মার্কেটের উত্তর পূর্বপাশের দোতলার একটি ইউনিটে আগুন
লেগেছে। সেখানে বেডশিট, কাপড়, টেইলার্সের ৩০-৩৫টি দোকান ছিল। অল্প সময়ের মধ্যে
অন্য ইউনিটগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
বুধবার সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে আগুন লাগে।
আগুনের খবর পেয়ে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়। পরে আগুন
নেভাতে ২৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে।
সূত্রঃ বাসস