বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ দূর্নীতির মামলায় বগুড়া চার্চেস অব গড মিশনের ফিল্ড ডিরেক্টর ও বগুড়া খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য রেভা: উত্তম দেওয়ান (৬০) ও একই হাসপাতালের সাবেক হিসাব রক্ষক প্রতাপ খন্দকার দুলালের (৬৮) জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। বুধবার দুপুরে শুনানি শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল আউয়াল এ আদেশ দেন। তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, বগুড়া খ্রীষ্টান হাসপাতালের সেক্রেটারি ও ল্যাবরেটরি ইনচার্জ রেভা: জন আগষ্টিন বিশ্বাস গত বছরের ৩ জুলাই সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উত্তম দেওয়ান ও প্রতাব খন্দকার দুলালের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন। আদালত তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। তদন্তে শেষে অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন দুই আসামির বিরুদ্ধে ৬৪ লাখ ২১ হাজার ৮০০ টাকা আত্মসাতের তথ্য পান। তিনি ওই বছরের ১ নভেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। কিন্তু আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে গত ৭ মার্চ নারাজি আবেদন করেন। আদালত পুনরায় ঘটনাটি তদন্ত করতে বগুড়া সিভিল সার্জনকে নির্দেশ দেন। তদন্ত শেষে সিভিল সার্জন ড. গওসুল আজিম চৌধুরী গত ২৯ নভেম্বর দুই আসামিকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আসামি উত্তম দেওয়ান ও প্রতাপ খন্দকার দুলাল উচ্চ আদালতে মিসকেস করলে চার সপ্তাহের জামিন লাভ করেন। জামিনের মেয়াদ শেষে তারা বুধবার বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক নামঞ্জুর করেন। তাদের জেল হাজতে পাঠানো নির্দেশ দেয়া হয়।
মামলার বাদী রেভা: জন আগষ্টিন বিশ্বাস জানান, চার্চেস অব গড মিশন, বগুড়া বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের চার্চেস অব গড জেনারেল কনফারেন্সের আর্থিক অনুদানে পরিচালিত একটি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান। যা বাংলাদেশ এনজিও ব্যুরোর নিবন্ধিত। বগুড়া চার্চেস অব গড মিশনের ফিল্ড ডিরেক্টর রেভা: উত্তম দেওয়ান ও বগুড়া মিশন হাসপাতালের সাবেক হিসাব রক্ষন কর্মকর্তা প্রতাপ খন্দকার দুলাল পরস্পর যোগসাজসে দুর্নীতির আশ্রয় নেন। তারা গত ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ফান্ডের ৬৪ লাখ ২১ হাজার ৮০০ টাকা আত্মসাৎ করেন।