বাংলা হেডলাইনস বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জে গোপন বৈঠককালে গ্রেফতার পুরাতন জেএমবির উত্তরাঞ্চলীয় প্রধানসহ চার ‘জঙ্গিকে’ চারদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহমুদ রোববার সন্ধ্যায় শুনানী শেষে এ আদেশ দেন। রাত থেকে জিজ্ঞাসাবাদ শুরু হলেও সোমবার দুপুর পর্যন্ত তারা অস্ত্র ও বিস্ফোরক সম্পর্কে মুখ খোলেনি।
বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী জানান, শনিবার রাত দেড়টার দিকে শিবগঞ্জের পাকুড়তলা বাসস্ট্যান্ডে গোপন বৈঠকের সময় চার জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাদের কাছে একটি ওয়ান শ্যূটার গান, থ্রিনটথ্রি রাইফেলের তিন রাউন্ড গুলি ছাড়াও গ্রেনেড তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম পাওয়া যায়। এদের বিরুদ্ধে এসআই ফিরোজ সরকার শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক মামলা করেছেন।
আটক ‘জঙ্গিরা’ হলো পুরাতন জেএমবির উত্তরাঞ্চলের (রাজশাহী ও রংপুর বিভাগ) দাওয়াতি বিভাগের প্রধান (এহসার) আতাউর রহমান ওরফে হারুন ওরফে আরাফাত (৩৪), উত্তরাঞ্চলের বায়তুল মাল প্রধান ও নওগাঁ জেলার দায়িত্বশীল (এহসার) মিজানুর রহমান ওরফে নাহিদ ওরফে মোরছাল (৪২), তার জামাতা গাইবান্ধা জেলার দায়িত্বশীল (এহসার) জহুরুল ইসলাম ওরফে সিদ্দিক (২৭) এবং জেএমবির বগুড়া জেলার দায়িত্বশীল (গায়েরে এহসার) মিজানুর রহমান (২৪)।
অস্ত্র ও বিস্ফোরকের উৎস, সহযোগিদের নাম-পরিচয় এবং তাদের গোপন বৈঠকের কারণ জানতে রোববার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। বিচারক আসমা মাহমুদ শুনানি শেষে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাতেই চার জঙ্গিকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তবে সোমবার দুপুর পর্যন্ত তারা এ ব্যাপারে মুখ খোলেনি। পুলিশ কর্মকর্তা আশা করেন, রিমান্ডকালে তারা তথ্য দেবে।