বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু ছাত্রী ধর্ষণ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় হাবু খাঁ (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
দন্ডাদেশপ্রাপ্ত হাবু ওই উপজেলার ডায়া খাঁ-পাড়া গ্রামের শের আলী খাঁর ছেলে। সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির মঙ্গলবার দুপুরে এ রায় দেন। ওই আদালতের বিশেষ পিপি আব্দুল হামিদ লাবলু এতথ্য নিশ্চিত করেন। মামলার বিবরণ থেকে তিনি জানান, ২০১৬ সালের ২২ জুন সকালে শাহজাদপুর উপজেলার হামলাকোলা এলাকার ১১ বছরের শিশু মেয়ে প্রাইভেট পড়ার জন্য তার প্রতিবেশী এক বান্ধবীকে ডাকতে যাচ্ছিল। এ সময় স্থানীয় স্কুলের পেছনে পাট ক্ষেতের রাস্তায় তাকে ধরে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে হাবু। এ ঘটনাটি ওই শিশু বাড়িতে এসে বিষয়টি তার বাবা-মাকে জানায়। এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ হাবুর বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।