বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন থানাপাড়া ক্লাব ৬ উইকেটে করটিয়া মারুফ স্মৃতি ক্রিকেট ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করেছে। আজ শুক্রবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টাঙ্গাইল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০১৯-২০ এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মোশারফ হোসেন খান।

খেলায় টসে জিতে থানাপাড়া ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় । মারুফ স্মৃতি ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাটিং করে ৩৭.২ ওভারে ১১৫ রানে অলআউট হয়। দলের পক্ষে রানা সর্বোচ্চ ২৮ রান করে। বিজয়ী থানাপাড়া ক্লাবের অফস্পিনার সুমন সরকার ১৩ রানে ৫টি উইকেট দখল করে। জবাবে থানাপাড়া ক্লাব ২২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৬ রান করে। দলের পক্ষে শাহিন অপরাজিত ৫২ রান করে। বিজিত দলের রানা ৩০ রানে ২টি উইকেট নেয়।