বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে মালিক না পেয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে উপজেলার খুকনি ও জালালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে যমুনা নদী থেকে এই বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। এতে যমুনা নদীর তীরবর্তী শত শত বাড়িঘর তীব্র ভাঙ্গনে বিলিন হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে ওই অবৈধ ড্রেজার মেশিনের মালিককে খুঁজে পাওয়া যায়নি। এ কারণে ড্রেজার মেশিনটি জব্দ করা সম্ভব হয়নি। অবশেষে ড্রেজার মেশিনটি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।