বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিকদের ডাকা ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে এখন অচল হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি তেল ডিপো।
এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার গ্রাহক। রোববার সকাল থেকে উত্তরাঞ্চেলের বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় পদ্মা, যমুনা, ও মেঘনার তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। এসব ডিপো থেকে ছেড়ে যায়নি কোনো ট্যাংকলরি। এতে করে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় সর্ম্পূণরূপে তেল সরবরাহ এবং বিপণন বন্ধ রয়েছে।
বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ করা, ট্যাংকলরি শ্রমিকদের ৫লাখ টাকা দুর্ঘটনা বিমা প্রথা প্রণয়নসহ ১৫ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। সরকার বার বার প্রতিশ্রুতি দিয়েও এসব দাবি মেনে নেয়নি। এ কারণে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্যপরিষদ অনির্দিষ্টকালের এই ধর্মঘটের আহ্বান করেছে। এদিকে তেল সরবরাহ বন্ধ থাকলে উত্তরাঞ্চলে ইরি বোরো চাষাবাদে বিঘ্ন ঘটতে পারে বলে বিশিষ্টজনেরা এই অভিমত ব্যক্ত করেছেন।