বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জ শহরের এক ভোক্তার কাছে অতিরিক্ত টাকায় পণ্য বিক্রি করেন এক দোকানি। পরে এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী ভোক্তা। মঙ্গলবার শুনানি শেষে ওই দোকানিকে জরিমানা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান। জরিমানার এক-চতুর্থাংশ অর্থ পেয়েছেন ওই ভোক্তা।
অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার জেলা শহরের শহীদ রফিক সড়কে ইউরেকা ক্রোকারীজ নামের একটি মনিহারী দোকান থেকে ২৫০ টাকা এক ডজন চামচ কেনেন নরেন্দ্রচন্দ্র বিশ্বাস। পরে ওই ক্রেতা জানতে পারেন, ওই চামচের দাম ১৪০ টাকা। এ বিষয়ে সোমবারই ওই ভোক্তা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। এ নিয়ে মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের কার্যালয়ে শুনানি করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান। এ সময় দোকানি আতাউর রহমান ও ভোক্তা নরেন্দ্রচন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। শুনানিতে অভিযুক্ত দোকানি অভিযোগের সত্যতা স্বীকার করেন। এ সময় আসাদুজ্জামান দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
আসাদুজ্জামান বলেন, ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ি দোকানিকে জরিমানা করা হয়। একই আইন অনুযায়ি, অভিযোগকারী ভোক্তাকে জরিমানার এক-চতুর্থাংশ ৫ হাজার টাকা দেওয়া হয়।