বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র (বরখাস্তকৃত) মুক্তিযোদ্ধা হালিমুল হক মীরু প্রায় সাড়ে ৩ বছর পর জামিনে মুক্তি পেয়ে শুক্রবার শাহজাদপুরে এসেছে।
শাহজাদপুর হাইস্কুল খেলার মাঠে মুক্তমঞ্চে দুপুরের দিকে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেয় মীরুর সমর্থকেরা। এ অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশ্যে বরখাস্তকৃত মেয়র সংক্ষিপ্ত বক্তব্য দেয়। কয়েক হাজার সর্মথক মীরুকে বিসিক বাসষ্ট্যান্ড থেকে মিছিল করে হাইস্কুল মাঠে নিয়ে আসে। উল্লেখ্য, ২০১৭ সালের ২ ফেব্রয়ারী শাহজাদপুর পৌরসদর মনিরাপুরে মেয়র হালিমুল হক মীরুর বাড়ির সামনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পর দিন উন্নত চিকিৎসার জন্য শিমুলকে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে শিমুলের স্ত্রী নুরন্নাহার খাতুন সংশ্লিষ্ট থানায় মেয়র মীরুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ এ মামলার তদন্ত শেষে মেয়র মীরুসহ ৩৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করে।
মিরু ৩ বছর ৪ মাস রাজশাহী কারাভোগের পর ২৭ নভেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য ঢাকায় যায় এবং শুক্রবার সকালে নিজ বাসায় শাহজাদপুরে আসে।