মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

কাদের মোল্লাকে ‘শহীদ’ বলায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া।। বিএনপি নিশ্চুপ

  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৭৬১ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস :  জামায়াতে ইসলামী সমর্থিত পত্রিকা দৈনিক সংগ্রাম জামায়াত সহকারী  সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসাবে আখ্যায়িত করায় এর বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিএনপি এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া দেয়নি।

আজ শনিবার রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ স্মৃতিসৌধে ও রায়েরবাজার বধ্যভূমি বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দরা সাংবাদিকদের সাথে কথা বলার সময় তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।   

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ডিসেম্বর মাসে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে গত বৃহস্পতিবার দৈনিক সংগ্রামে প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার সাংবাদিকদের এই বিষয়ে প্রশ্নের জবাবে বলেন এটা আমাদের নজরে আছে। এই বিষয়টা দেখছি। সময়মত ব্যাবস্থা নেওয়া হবে।

দৈনিক সংগ্রামের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা এই প্রশ্নের করা হলে সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো। এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাসদ একাশের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না পৃথক পৃথক ভাবে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কাদের মোল্লাকে দৈনিক সংগ্রাম ‘শহীদ’ বলায় এর বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।      

হাসানুল হক ইনু বলেন একজন যুদ্ধাপরাধীকে শহীদ আখ্যা দেওয়ার মধ্য দিয়ে তারা এটাই বলার চেষ্টা করছে যে তারা বাংলাদেশের আইন কানুন মানে না।

জিএম কাদের বলেন যে ভাবে তাকে (কাদের মোল্লা) শহীদ বলা হয়েছে সেটা সঠিক ভাবে বলা হয়নি। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।

মাহমুদুর রহমান মান্না বলেন কাদের মোল্লার ঘটনা যেটা দেখলাম এটা খুবই দুঃখজনক। এরপর তাকে একজন শহীদ হিসাবে আখ্যায়িত কিভাবে করা যায় এটা খুবই অবাক ব্যাপার।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর  এড়িয়ে যান। জামায়াত বিএনপির  নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরীক।

গত শুক্রবার দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে গ্রেফতার করা হয়। ঢাকার একটি আদালত শনিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আবুল আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com