বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় শনিবার রাঙ্গামাটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুল আলী মঞ্চে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আলমগীর কবির, সিভিল সার্জেন শহীদ তালুকদার, বিভাগীয় বন কর্মকর্তা দক্ষিন বন বিভাগ মোঃ রফিকুজ্জামান শাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা রবার্ট রোনাল পিন্টু, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুহুল আমিন, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দীনসহ বিভিন্ন সরকারী-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতিকে মেধাশূন্য করতে অত্যন্ত পরিকল্পিতভাবে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এই দিনে হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে। বক্তারা আরো বলেন, পশ্চিম পাকিস্তানিরা যখন বুঝতে পেরেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা লাভের দ্বারপ্রান্তে, ঠিক তখন স্বাধীনতা বিরোধীরা এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার জন্য ১৪ ডিসেম্বরকে বেছে নেয় এবং সে পরিকল্পনা অনুযায়ী বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।
আর বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী বাংলাদেশের মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং বিজয়ের মধ্যদিয়ে স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তারই ধারাবাহিকতায় বিনয় এবং শ্রদ্ধায় আজ জাতি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। একই সাথে এবারও জাতির প্রত্যাশা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছে তাদের মধ্যে যারা বিচার প্রক্রিয়ার বাইরে আছে অথবা পলাতক আছে তাদের বিচারের রায় কার্যকর করে দেশকে কলংকমুক্ত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।