বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার আসন্ন নির্বাচনে বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী বেলাল হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লংঘন করে বিভিন্ন পাড়া-মহল্লায় ভুড়িভোজ আয়োজনের অভিযোগ উঠেছে। এর ধারাবাহিকতায় বুধবার দুপুরে ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় ভুড়িভোজের আয়োজন করলে রিটার্নিং অফিসার ৩ ডেকচী খাবার জব্দ করেন। পরে খাবারগুলো স্থানীয় এতিমখানায় দেয়া হয়েছে।
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, নির্বাচন চলাকালে এলাকায় ভুড়িভোজ ঠিক নয়। তাই তিনি খাবারগুলো জব্দ করে এতিমখানায় দিয়েছেন। অন্য মেয়র প্রার্থীরা এ জন্য মেয়র বেলাল হোসেনকে দায়ি করেছেন। বেলাল হোসেন জানান, তিনি তফসিল ঘোষণার পর আর কোন ভুড়িভোজের আয়োজন করেননি। তাকে মিথ্যা দোষারোপ করা হচ্ছে। আগামী ১৩ জানুয়ারি দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা। মেয়রপদে বিএনপি থেকে আওয়ামী লীগের যোগদানকারী বর্তমান মেয়র বেলাল হোসেন, আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক রানা, বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী লাভলীসহ ৫ জন এবং ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪
জন ও ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৩১ জনের মনোনয়ন বৈধ হয়েছে। ২২ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ২৩ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে।
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এনামুল হক রানা অভিযোগ করেন, বর্তমান মেয়র বেলাল হোসেন প্রায় এক মাস ধরে বিভিন্ন পাড়া-মহল্লায় ভুড়িভোজের আয়োজন করে আসছেন। আচরণবিধি লংঘন করে বুধবার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় গোশতের খিঁচুড়ির আয়োজন করেন।