মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

আজ থেকে সচিবালয় এলাকায় হর্ণ বাজালে জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৭৬৭ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস: আজ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সচিবালয় সংলগ্ন জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় হর্ণ বাজালে জরিমানা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। তিনি বলেন, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে হর্ণ বাজানো দণ্ডনীয় অপরাধ।

এই অপরাধের জন্য প্রথমবার অনধিক ১ (এক) মাস কারাদণ্ড বা অনধিক ৫ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডের বিধান রয়েছে। আর কেউ যদি পরবর্তী সময়ে একই অপরাধ করেন সে ক্ষেত্রে অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন, পিআইডির এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার জানানো হয়েছে।‘সচিবালয়ের চারপাশের রাস্তাকে হর্নমুক্ত এলাকা’ ঘোষণার লক্ষ্যে গতকাল  সচিবালয়ের সামনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে, সচিবালয় এলাকা শব্দ দূষণমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করে পরিবেশ মন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে ঢাকার একটি গুরুত্বপূর্ণ অংশ নীরব এলাকায় পরিণত হতে যাচ্ছে। তিনি বলেন, ঢাকার মতো মেগাসিটিতে এ ধরণের কার্যক্রম শুধু সরকারি আদেশ-নির্দেশের মাধ্যমে বাস্তবায়ন কষ্টসাধ্য। সবার সহযোগিতায় এ কার্যক্রম সফল হতে পারে। বায়ু ও শব্দ দূষণ কমানোর মাধ্যমে শহরের পরিবেশ সুন্দর রাখতে সকলের নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে। গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে পারলে পর্যায়ক্রমে ঢাকার সব নীরব এলাকাকেই হর্নমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা সহজ হবে।

এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গাড়িতে স্টিকার লাগানো, লিফলেট বিতরণ, মৌখিক অনুরোধসহ বিভিন্নভাবে চালকদের অবহিতকরণের কাজ চলবে বলে মন্ত্রী জানান। পরে এক বর্ণাঢ্য র‍্যালি  সচিবালয়ের সামনের রাস্তা প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এসময় মন্ত্রী চলমান গাড়ির ড্রাইভারদের সাথে কথা বলে হর্ণ না বাজানোর অনুরোধ জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com