বাংলা হেডলাইনস বগুড়া : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসাধারণের মাঝে খাবার পরিবেশন করার অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র বেলাল হোসেনকে শোকজ করা হয়েছে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ বৃহস্পতিবারের ওই নোটিশে বিধি লংঘন করায় তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা তিন দিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন।
রিটার্নিং অফিসার নোটিশে উল্লেখ করেন, আগামী ১৩ জানুয়ারি দুপচাঁচিয়া পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্য সরদার পাড়ায় গত ১৮ ডিসেম্বর জনগণের মাঝে খাদ্য পরিবেশন করা হয়। সেখানে যাবার পর পরিবেশনকারীরা বলেছেন, এর আয়োজক মেয়রপ্রার্থী বেলাল হোসেন। বিধিমোতাবেক কোন প্রার্থী বা রাজনৈতিক দল বা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে কেউ পানীয় বা খাদ্য পরিবেশন করতে পারবেন না। স্বতন্ত্র মেয়র প্রার্থী বেলাল হোসেন ওই বিধি লঙ্ঘন করায় কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবেনা তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।