বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে টানা সাত ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ওই সময় মাঝ নদীতে আটকে ছিল চারটি ফেরি। এছাড়া উভয়ঘাটে আরো দশটি ফেরি পন্টুনে বেঁধে রাখা হয়। টানা সাত ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়াঘাটে আটকে পড়ে তিন শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে শাহজালাল, মতিউর রহমান, হাসনাহেনা ও রজনীগন্ধা নামের চারটি ফেরি। এছাড়া পাটুরিয়ায় ও দৌলতদিয়াঘাটে আরো ১০টি ফেরিকে পন্টুনে বেঁধে রাখা হয়। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়াঘাটে বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস মিলে দুই শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। ১৪টি ফেরি দিয়ে সেগুলো পারাপার করা হচ্ছে।
এদিকে ঘাটে আটকে থাকা যানবাহনের যাত্রীরা রয়েছে চরম দূর্ভোগে। নৈশ কোচগুলো বেলা ১১ টায়ও পার হতে পারেনি। এতে শৈত্য প্রবাহের মধ্যে বৃদ্ধ, নারী শিশুসহ যাত্রীরা রয়েছে ভোগান্তিতে।ঘাট কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে এ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, ব্যক্তিগত প্রাইভেটকার, মাইক্রোবাস, পণ্যবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপার করছে। এতে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে পণ্যবোঝাই ট্রাককে।শুক্রবার বেলা ১২ টা পর্যন্ত পাটুরিয়া তিন কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।