বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: শুক্রবার রাতে সিরাজগঞ্জের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে হেরোইন ও চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর মধ্যপাড়া গ্রামের মৃত জ্ঞানেন্দ্র সরকারের পুত্র শ্রী হরিপদ সরকার(৪৯) ও কামারখন্দ উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল রফিকের পুত্র আব্দুল মমিন আকন্দ (২৮)। র্যাব -১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উল্লাপাড়ার ঘাটিনা রোডের এনায়েতপুর হ্যালিপ্যাড এলাকা থেকে হরিপদ সরকারকে এবং কামারখন্দের বাঁশতলা বাজারের ছানোয়ার হোসেনের ধানের গোডাউনের সামনে থেকে আব্দুল মমিন আকন্দকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে ০৩ গ্রাম হেরোইন, ১৮ লিটার চোলাইমদ, নগদ ১৯,৮০০/- টাকা, ০১ টি মোবাইলসেট ও ০১ টি সিমকার্ডসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামারখন্দ ও উল্লাপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।