বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর থানা ভবনে প্রবেশের পথে ডিউটি অফিসারের রুমে ব্যতিক্রমী সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এতে ওই থানার মূল প্রবেশদ্বারে লেখা রয়েছে, সিরাজগঞ্জ সদর থানায় মামলা ও জিডি করতে টাকা লাগেনা। আর ডিউটি অফিসারের কক্ষে লেখা রয়েছে, এখানে অসহায় গরীবদের বিনা টাকায় জিডি ও অভিযোগ লিখে দিয়ে সহায়তা করা হয়।
এসআই রুম ও ডিউটি অফিসারের মাথার উপরে দেয়ালে টানানো রয়েছে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা কেন্দ্র খোলা হয়েছে। ওই থানার ওসি মোহাম্মাদ দাউদ এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। এ উদ্যোগকে সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছেন।
ওসি মোহাম্মাদ দাউদ সাংবাকিদের বলেন, থানায় সেবা প্রত্যাশীরা যাতে কোন প্রকার প্রতারণা ও হয়রানির শিকার না হয় এজন্য এই সাইন বোর্ড লাগানো হয়েছে। মাদক, বাল্যবিয়ে জুয়া ইভটিজিং প্রতিরোধে কঠোর ব্যাবস্থা নেয়া হচ্ছে। এতে এলাকায় বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড অনেকটাই কমে গেছে। বাংলাদেশ পুলিশের শুদ্ধাচারের অংশ হিসেবে পূর্ণাঙ্গ জনসন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর (বিপিএম) নির্দেশে এসব সাইন বোর্ড লাগানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।