বাংলা হেডলাইনস: প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা রোববার ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঘোষণা করেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এক সংবাদ সম্মেলন ভোটগ্রহণের এই তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন দুই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। কোন বিরতি ছাড়া সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি, এবং প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি ।
বিদ্যমান ভোটার তালিকা দিয়েই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ভোটগ্রহণ করা হবে। দুই সিটির সম্প্রসারিত ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডেও একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ভাগ হওয়ার পর ২০১৫ সালের এপ্রিলে দুই সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা উত্তর সিটিতে ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। সাধারণ ওয়ার্ড ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি এবং ঢাকা দক্ষিণ সিটিতে ভোটার সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন। সাধারণ ওয়ার্ড ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।