বাংলা হেডলাইনস: দুই দিন আগে শৈত্যপ্রবাহ আবহাওয়া না থাকলেও আবারো নতুন জেলাসহ উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
দেশে আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়াতে ৬.২ ডিগ্রী সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রী সেলসিয়াস।
নতুন শৈত্যপ্রবাহ আবহাওয়া সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের চেয়ে বেশি এলাকায় বিস্তৃত হয়েছে। গত ১৮ ডিসেম্বর দিনগত রাতে রাজশাহী, নওগাঁ, কুড়িগ্রাম, পাবনা, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গাতে শৈত্যপ্রবাহ আবহাওয়া শুরু হয়েছিল। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছিলেন ২৩ ডিসেম্বর দেশে কোন শৈত্যপ্রবাহ ছিল না।
বুধবার সকাল সোয়া ১১ টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বাংলা হেডলাইনসকে বলেন এখন দেশের বিভিন্ন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এবারের শৈত্যপ্রবাহ আভাওয়ার বিস্তৃতি বেশি। রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, কুষ্টিয়া এবং টাঙ্গাইল অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ আবহাওয়া রয়েছে।

এক প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদ বলেন তেতুলিয়াতে যে তাপমাত্রা আছে তা একটু বাড়তে পারে। কিন্তু দেশে যে সকল এলাকায় শৈত্যপ্রবাহ আবহাওয়া চলছে সেই সব অঞ্চলে শৈত্যপ্রবাহ বিক্ষিপ্তভাবে অব্যাহত থাকতে পারে।
নাজমুল হক বলেন আগামীকাল এবং পরশু দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে যে সব অঞ্চলগুলোতে বিশেষ করে ঢাকা থেকে দক্ষিণে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে।