বাংলা হেডলাইনস: আসন্ন বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি জেনেশুনে বিষ পান করেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এরআগে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে তিনি জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন কমিশনের ওপর শুধু আমাদের নয়, এদেশের কোন মানুষের আস্থা নাই। এরপরও আমরা জেনেশুনে বিষ পান করেছি। আর আমরা নির্বাচনে গেলেও সমালোচনা হয়, আবার না গেলেও সমালোচনা হয়। তাই সবাই অপেক্ষা করেন নির্বাচন কমিশনের শেষ পদক্ষেপের জন্য। আর একটা সময় আসবে যখন এই নির্বাচন কমিশনের দিক থেকে আপনারা মুখ ফিরিয়ে নেবেন, তখন আমরাও মুখ ফিরিয়ে নেবো এবং কোন নির্বাচনেও অংশগ্রহণ করবো না।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আবহাওয়া কেমন দেখছেন- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি নির্বাচন নিয়ে কোন আবহাওয়া তৈরী হয় নাই। তবে ফরম বিক্রি, ক্রয় ও জমা দেওয়ার জন্য আবহাওয়া তৈরী হতে পারে বিএনপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে কোন আগ্রহ ফিরে আসে নাই।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন। আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ গ্রহণ করছে।