বাংলা হেডলাইনস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তাঁর দল আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছে বারবার প্রমাণ করার জন্য যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক ছাত্র সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের উদ্যোগে ১ জানুয়ারি সংগঠনটির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে’ এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুণ বলেন, আজকেও প্রশ্ন এসেছে, আপনারা মেয়র (ঢাকা সিটি করপোরেশন নির্বাচন) নির্বাচনে গিয়েছেন কেনো? একই কথা বলতে চাই, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, সেটা বারবার প্রমান করার জন্য নির্বাচনে গিয়েছি। আর আমরা বারবার বলেছি, এই সরকার এবং এই নির্বাচন কমিশনকে সরাতে হবে এবং নিরপেক্ষ সরকার ও ইসির অধিনে নির্বাচন করতে হবে।
গত জাতীয় নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে মহাসচিব বলেন, অনেকেই প্রশ্ন করেন, আপনারা নির্বাচনে কেনো গেলেন? নির্বাচনে গিয়েছিলাম এটা প্রমান করতে যে, ১৪ সালে (২০১৪) নির্বাচনে যায়নি বলে অনেকে বলেছেন, আপনারা নির্বাচনে না গিয়ে অনেক ভুল করেছেন। আর ১৪ সালে নির্বাচনে না গিয়ে যে আমরা ভুল করি নাই সেটা প্রমাণ করতেই আমরা ১৮ সালে (২০১৮) নির্বাচনে গিয়েছি। আর আওয়ামী লীগের অধীনে নির্বাচন যে সুষ্ঠু হবে না, সেটা প্রমাণ করতে গিয়েছি।
ছাত্র সমাবেশে বক্তব্যের শেষে মির্জা ফখরুল স্লোগান ধরেন। বলেন, আমি স্লোগান একটু পরিবর্তন করতে চাই। মুক্তি চাই, মুক্তি চাই বলেত চাই না। মুক্ত করো মুক্ত করো, খালেদা জিয়াকে মুক্তি করো।
এদিকে ছাত্র সমাবেশে দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে চেয়ারে বসা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি শান্ত করেন।
আয়োজক সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় সমাবেশে বিএনপি নেতা আমান উল্লাহ আমান, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নাজিম উদ্দিন আলম প্রমুখ বক্তব্যে রাখেন।