বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় পুলিশি কাজে বাধা, হামলা, মারপিট ও রাইফেলের ট্রিগার ছিনিয়ে নেবার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সদর পুলিশ ফাঁড়ির এসআই জিলালুর রহমান বুধবার গভীর রাতে সদর থানায় এ মামলা করেন। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা সদর ফাঁড়ির ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে শহরে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ছিল। বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ খোকন পার্কে সমবেত হন। সদর আসনের এমপি ও জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ এলে মিছিল নিয়ে সমাবেশস্থলে যাবার কথা ছিল। এ সময় বেশকিছু উত্তেজিত নেতাকর্মী জুত-স্যান্ডেল পায়ে শহীদ মিনারে ওঠে শ্লোগান দিতে থাকেন। ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী ভিতরে ঢুকে জুতো পায়ে থাকা নেতাকর্মীদের শহীদ মিনার থেকে নামতে অনুরোধ করেন। এতে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে প্লাকার্ড বহনের লাঠি দিয়ে পুলিশের উপর হামলা করে। লাঠির আঘাতে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, এএসআই আশরাফুল আলম, কনস্টেবল পারভেজ, মামুন ও শিফাত আহত হন। হামলার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা প্রাচীর ডিঙ্গিয়ে পালিয়ে যান। আহত কনস্টেবল পারভেজকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলার সময় তারা এক কনস্টেবলের হাতে থাকা রাইফেল ছিনিয়ে নেবার চেষ্টা করে। ব্যর্থ হয়ে রাইফেলের ট্রিগার নিয়ে যায়।
ইন্সপেক্টর আবুল কালাম আজাদ আরো জানান, এ ব্যাপারে এসআই জিলালুর রহমান সদর থানায় জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ ৭৫ জনের নাম উল্লেখ করে আরো ৫০০-৬০০ জনের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে বেআইনি জনতা দলবদ্ধ হয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কাজে বাধা, হামলা চালিয়ে মারপিট ও রাইফেলের ট্রিগার ছিনিয়ে নেবার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এজাহারনামীয় ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে পুলিশের ওপর হামলা, মারপিট, রাইফেলের ট্রিগার ছিনিয়ে নেয়া ও শহীদ মিনারে জুতো পায়ে ওঠার সাথে জড়িত ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে ছাত্রলীগ সরকারি আজিজুল হক কলেজ শাখার আহবায়ক আবদুর রউফের নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে শহরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।