বাংলা হেডলাইনস: বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে উপজীব্য করে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে শনিবার দুইদিনব্যাপী ‘সোনার বাংলা আর্ট-ক্যাম্প ২০২০’ শুরু হয়েছে।
এই আর্ট-ক্যাম্পে অঙ্কিত চিত্রকর্ম নিয়ে একটি প্রদর্শনী বাংলাদেশ উপ-হাইকমিশনের ‘বাংলাদেশ গ্যালারী’-তে আগামী ১৩-১৭ জানুয়ারি প্রতিদিন বিকেল ৩:৩০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত দর্শকদের খোলা থাকবে। এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন হবে আগামীকাল রবিবার বিকেল ৫ টায়, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ তথ্য অধিদফতরের মাধ্যমে শনিবার জানানো হয়।
‘সোনার বাংলা আর্ট-ক্যাম্প ২০২০’ এ বাংলাদেশ ও ভারতের প্রথিতযশা যে চিত্রশিল্পীবৃন্দ ছবি আঁকলেন তাঁরা হলেন, বাংলাদেশের শাহাবুদ্দিন আহমেদ, জামাল আহমেদ, রোকেয়া সুলতানা, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল হোসেন, সৈয়দ হাসান মাহমুদ, আতিয়া ইসলাম, কনক চাঁপা চাকমা, আনিসুজ্জামান , শাহজাহান আহমেদ বিকাশ ও দুলাল চন্দ্র গাইন এবং ভারতের গণেশ হালুই, বাদল পাল, ঈশা মোহাম্মদ, শ্যামশ্রী বসু, শুভাপ্রসন্ন, ওয়াসিম কাপুর, সোহিনী ধর, মনোজ দত্ত, আদিত্য বসাক, সুব্রত গঙ্গোপাধ্যায়, চন্দ্র ভট্টাচার্য, ছত্রপতি দত্ত, ও অতিন বসাক, প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।