বাংলা হেডলাইনস : হিন্দু ধর্মালম্বীদের সরস্বতী পূজার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন । সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের দাবির মুখে নির্বাচন কমিশন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে।
শনিবার রাতে কমিশন বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বিভক্ত ঢাকা সিটি নির্বাচনের তারিখ ফেব্রুয়ারি ১ এ পরিবর্তনের কথা ঘোষণা করেন।
৩০ জানুয়ারি সনাতন হিন্দু সম্প্রদায়ের সরস্বতি পূজা থাকায় নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদসহ বেশ কিছু সংগঠন। গত কয়েকদিন ধরে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে।
১ ফেব্রুয়ারি ভোটের বাধা ছিল এসএসসি ও সমমান পরীক্ষা। এরই মধ্যে ইসির নির্দেশনায় পরীক্ষা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।