বাংলা হেডলাইনসঃ যতই বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের বিশেষ করে মেয়র প্রার্থীদের প্রচারনা উত্তপ্ত হচ্ছে। প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়াসহ রাজনৈতিক বক্তব্য একে অপরের প্রতি ছুঁড়ে দিচ্ছেন।
রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজারে থেকে মঙ্গলবার দিনের প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
নির্বাচনী প্রচারণা চালানোকালে তাপস বলেন আমরা লক্ষ্য করছি প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা এই নির্বাচনকে ঢাকাবাসীর উন্নয়নের নির্বাচন হিসেবে নিচ্ছে না । তারা এই নির্বাচনকে নিচ্ছে তাদের আন্দোলনের অংশ হিসেবে। তাদের নেত্রীকে মুক্ত করার আন্দোলন হিসেবে। আমরা ঢাকাবাসীর উন্নয়নের জন্য নেমেছি
এদিকে বিএনপির মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেন মঙ্গলবার ঢাকা মহানগরের ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নির্বাচনী প্রচারণা চালানোকালে অভিযোগ করেন যে ঢাকাকে ধ্বংস করে ফেলা হয়েছে। সেটার একমাত্র কারণ হলো যারা দায়িত্বে ছিলেন জনগণের প্রতি জবাবদিহিতা ছিল না। ইশরাক দাবি করেন ক্ষমতার ভারসাম্য আনতে খালেদা জিয়ার মুক্তি ছাড়া অন্য কোন বিকল্প নেই।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন ফেব্রুয়ারি ১ অনুষ্ঠিত হবে। মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে।