বাংলা হেডলাইনস: জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশে ভূমিকম্প সহনীয় নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছে।
জাইকার ৬-সদস্যের এক প্রতিনিধিদল মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতকালে এই আশ্বাস দেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমানের সাথে মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে জাইকা প্রধান কার্যালয়ের প্রেসিডেন্টের উপদেষ্টা কিমিও তাকেইয়া এর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
প্রতিনিধিদলের নেতা বাংলাদেশের প্রশংসা করে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। ফণি ও বুলবুলের মতো ঘূর্ণিঝড় বাংলাদেশ সাফল্যের সাথে মোকাবিলা করে সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। ভূমিকম্প সহনীয় নতুন ভবন নির্মাণে জাইকা প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করবে বলে প্রতিনিধিদলের নেতা প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন, পিআই ডির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সরকারের পূর্ব প্রস্তুতি থাকায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। ২১ লক্ষাধিক লোককে সাইক্লোন শেল্টারে নিয়ে আসা সম্ভব হয়েছে, এসব আশ্রয়কেন্দ্রে দুর্যোগকালীন থাকা- খাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল।
তিনি বলেন, বাংলাদেশকে জাপানের মতো ভূমিকম্প সহনীয় রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। এজন্য পুরাতন ভবনগুলো সংস্কার করে ভূমিকম্প সহনীয় করে গড়ে তোলা হবে। ভূমিকম্প সহনীয় নতুন ভবন নির্মাণে এবং বাংলাদেশের স্থপতি ও প্রকৌশলীদের এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানে জাইকার প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা কামনা করেন প্রতিমন্ত্রী ।