বাংলা হেডলাইনস: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে দুই বড় রাজনৈতিক দলের মেয়র প্রার্থীদের ২১ দিনের নির্বাচনী প্রচারণায় রাজধানী শহর ছিল জমজমাট, উৎসবমুখর ও কোলাহলপূর্ণ যা শেষ হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাত ঠিক ১২ টার পর নির্বাচনীবিধি অনুযায়ী।
এখন সবার চোখ ফেব্রুয়ারি ১ দুই ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর নির্বাচনের দিন। মূল চার প্রতিদ্বন্দ্বীর মধ্যে কোন দুইজন নির্বাচিত হচ্ছেন বিভক্ত ঢাকা সিটির মেয়র। কেননা মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপির মনোনীত মেয়র প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
দলীয় প্রতীকে স্থানীয় সরকারেরে এই নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস নৌকা প্রতীকে এবং বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বিদায়ী মেয়র আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপির প্রার্থী তাবিথ আওয়াল ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ১০ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ঐ দিন থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এবারের নির্বাচনে মেয়র প্রার্থীদের মতই ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ভোটারদের মন জয় করার জন্য।

মশা বিশেষ করে ডেঙ্গু মশা নিধন, যানজটমুক্ত ঢাকা, জলাবদ্ধতার নিরসন, পরিচ্ছন্ন ঢাকা সহ বেশ কিছু অভিন্ন প্রতিশ্রুতি মেয়র প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে স্থান পেয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের মূল নির্বাচনী শ্লোগান ‘উন্নয়ন চলছে, চলবে’। তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আওয়ালের মূল শ্লোগান ‘ইনটেলিজেন্ট ঢাকা’। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের মূল নির্বাচনী শ্লোগান ‘আমাদের ঢাকা, আমাদের ঐতিহ্য।‘ অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেনের মূল নির্বাচনী শ্লোগান ‘বাসযোগ্য ঢাকা’।
ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারে দেশী-বিদেশী গানের সুরে রচিত প্রার্থীদের নামে গান রচনা করে প্রচার প্রাধান্য পেয়েছে।
দুই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। কোন বিরতি ছাড়া সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনের পরিচালক জনসংযোগ মো. ইসরাইল হোসেন জানিয়েছেন, সিটি কর্পোরেশন নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ করার বিধান রয়েছে। প্রচার বন্ধ থাকবে নির্বাচন ফল গেজেট আকারে প্রকাশ করা পর্যন্ত। এমনকি জয়ের মিছিল, মশাল মিছিল, মোটরসাইকেল মিছিলও করা যাবে না।
আচরণবিধি ভঙ্গকারী নির্বাচিত হয়ে গেলেও প্রার্থিতা বাতিল করার ক্ষমতা রাখে নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে দুই সিটি নির্বাচনে দুটি মেয়র পদে ১৩ মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে প্রায় সাড়ে ৭শ’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই সিটিতে মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার রয়েছেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। আর ঢাকা দক্ষিণ সিটিতে ভোটার রয়েছেন ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। উত্তর সিটিতে সাধারণ ওয়ার্ড ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি এবং ঢাকা দক্ষিণ সিটিতে সাধারণ ওয়ার্ড ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।